ক্যাথলিক
কসম করে বলি তোমার চোখ-গুলি
আতর মেখে এক দুপুর ভেঙে ফ্যালে
এমন পুড়ে কার উতলা হয় মন—
বধের গাড়ি চড়ে যেন ডোবে রাবণ।
ওয়ান ওয়ে পথ প্রমিত নীল শাড়ি—
কতটা কথা দূরে তবু ভাবো পাঁচারি
নিলাম শেষে রথ তাকাই শূন্য হাতে
আগর কাঠ হলে আগুন লাগে রাতে।
বিফল যত যাত্রা রাফ খাতায় বসে
প্রণয় দেহ রাঙে ধুলোর সদ্য রসে—
ধুলোরা ধার নিয়ে বাতাসে তোলে গান
তোমার নামে চলে এখানে যে আযান।
নন্দনতত্ত্ব নদী
অ্যানিমেশন ছবিটি এঁকেছে ধূর্ত পাখি
নাচে কালবোশেখে স্কিটো সীমের কল
আঙিনা জুড়ে কার্বন তালপাতার দর্শন
এমন নির্ঘাত পতনে সবুজফুল কতল।
এবং সহসা নিঠুর বনে সুফিগান বাজে
বাঘের দরগা মুছে বটবৃক্ষ অন্ত আসরে
সুনানি শোনায় মধ্যরাত, ওয়ালপেপার,
প্রাচীণ আর্যের রক্তদিন তোমার মনঘরে।
ঢেঁকি-চালায় ঘাই মারে তুরুপের রাক্ষস
পোয়াতি বোতল পাপোশ শরীরে জাগে—
তখন বেদনা অক্ষর বুকের জমিন জুড়ে
চিত্র তোলে মায়ের হাত কাঁদে ভরা মাঘে।
ব্যাখ্যা
রাস্তায় বেরোলে
প্রতিটি মুখের দিকে আমি তাকাই,
আর দেখি তোমার মুখ।
প্রতিটি পথের শেষে আমি দাঁড়াই
আর খুঁজি তোমার বাড়ি।
প্রতিটি ছায়ার নিচে বসি আমি
আর ভাবি তোমার বুক।
পৃথিবীতে এভাবে পাগলামো করতে করতে
আমার বয়স বেড়ে যায়।
শুনি ঈশ্বরও পাইনি তার ঈশ্বরীকে...

অসাধারণ হয়েছে ❤️❤️❤️
উত্তরমুছুন