কৃত্রিম বুদ্ধিমত্তা কি চূড়ান্ত বিষাক্ত পেয়ালা?
ছবিটি এআই দিয়ে তৈরি সেই বিপজ্জনক সোনার পেয়ালা—যেখান থেকে আমরা পুরস্কারের আশায় চুমুক দিই; অথবা ক্ষমতা অর্জনের জন্য জেনেশুনে অন্যের হাতে তুলে দিই, অথচ শেষ পর্যন্ত নিজেদেরই বিষাক্ত করে তুলি। কিছু রূপক এতটাই শক্তিশালী যে সময়ের স্রোত পেরিয়েও তারা বারবার ফিরে আসে। নতুন যুগ, নতুন প্রযুক্তি, নতুন সংকট—প্রতিবারই পুরোনো কোনো গল্প যেন নতুন পোশাক পরে আমাদের সামনে দাঁড়ায়। তাই প্রশ্নটি তাড়িয়ে বেড়ায়- কৃত্রিম বুদ্ধিমত্তাই কি সেই চূড়ান্ত বিষাক্ত পেয়ালা? ম্যাকবেথের পেয়ালা। ম্যাকবেথ-এর গল্প জানেন? উইলিয়াম শেক্সপিয়রের এই কালজয়ী নাটকে স্কটল্যান্ডের থেন ম্যাকবেথ তিন জাদুকরীর ভবিষ্যদ্বাণী থেকে জানতে পারে— একদিন সে স্কটল্যান্ডের রাজা হবে। জানার পরই ভবিষ্যৎ গৌরবের অপেক্ষা তার কাছে অসহ্য হয়ে ওঠে। সিংহাসন দখলের জন্য সে তৎকালীন রাজা ডানকানকে হত্যা করে। সেই এক হত্যাকাণ্ডই তাকে এবং তার স্ত্রীকে টেনে নিয়ে যায় প্রতারণা, রক্তপাত, অপরাধবোধ, উন্মাদনা ও শেষ পর্যন্ত মৃত্যুর এক অন্ধকার গোলকধাঁধায়। ‘বিষাক্ত পেয়ালা’ কথাটির উৎস ম্যাকবেথ-এর প্রথম অঙ্কের সপ্তম দৃশ্য। ডানকানকে হত্যার পরিকল্পনা নিয়ে দ্ব...









