বাংলা কবিতা জুবায়ের দুখু

 




অরাজকতা

ঢেঁকিঘরে মায়ের হাত রক্ত হতে দেখেছি শৈশবে
সেই দৃশ্য থেকে জন্ম নিয়েছে হাজারো দৃশ্য
এখন করাতকলের পাশে মানুষের মুণ্ড দেখলেও
বিচলিত না হয়ে বলি ‘এ আমার দেশ না’
বলতে বলতে বলয় ত্যাগ করি নিজেরই লাশ টেনে।

প্রতিদিন এভাবে মরছি আর পঁচা লাশের গন্ধে
টিকতে না পেরে— মুগ্ধতার শরীরের এঁকে দেই
বেদনার ভাটিয়াল গান, জনতার স্বর, পরাধীনতা।

অর্ধেক জন্ম ঘোরে রূপালি রুদ্ধ সিলেবাসে একবার
প্রান্তরেখার জন্য আকুতি সুরে তোমাকে চাইলাম
সারা বাগানে কোনো শিরোধার্য ফুল ফোটেনি তখন
আঘাত ও অদ্ভুত দর্শন ব্যাঙের জলে মাছ খুটে খাচ্ছে।

যেসকল নদী ব্যাণ্ডেজ় করা আছে মাটির কাপড়ে
আমার নিদ্রা এবং ময়লা বিছানা তোমাদের দান করি
প্লিজ ঘুমিয়ে থাকো, প্লিজ ঘুমিয়ে থাকো— আহত নদী।



খয়েরি জামায় একটি বেলিফুল আঁকা

খুলে রাখা পথের গা জুড়ে
একটি দৃশ্যের ছবি চলে যায় দূর গ্রাম।
অতীতে যেখানে কহলের ভাটিয়ালিতে
রেডলাইন জ্বলে উঠতো শালুকের পুকুরে।

মেয়েটি বুনোহাঁসের ডেফিনেশনে
মিলিয়ে দিতো ইস্যুর আকাশে
খয়েরি জামাসমেত একটি বেলিফুল।

পাপড়িগন্ধ কুশলের আদ্যপ্রান্ত ফুরিয়ে আসে,
বেলিফুলের সদ্যোজাত যে জননী ভুল নির্বাসনে
উৎসর্গ করেছে রথ ও লীলার আলাপনামা—
তবে শোনো,  শান্তি হোমে রচিবার নাই ব্যবচ্ছেদপত্র।

রাউটার জনিত সম্পর্ক থেকে বুঝে গেছি
আমাদের আড়ালে আধুনিক চিড়িয়াখানায়
পরিণত হয়েছে মন— এবং দশমিক যাত্রা
খুলে খুলে ব্যাকরণ ভর্তি পথের পরমায়ু লেখে।

তাহলে বোঝা যায় অন্ধ হৃদয়ের ভাষা আসলে ভাষার মা।



ছি সরকার

আমাদের জীবন জুড়ে
একটি অগ্রহায়ণ মাস উড়ে বেড়ায়।
ঘড়ির দোকানে গেলে দেখি
সময়েরা, হাসফাঁস করছে আর পালাচ্ছে ক্রমাগত।

টেবিলের উপর যে চার্জার ফ্যান ঘুরছে
অটোরিকশার চাকার মতো—

তাহলে এতদিনেও কেন হয় না বিষাদ বর্ণনা?

প্রস্তাবিত প্রস্তরযুগের সিঁড়ি বেয়ে
নেমে নেমে উজ্জ্বল আসমানের চোখ নিয়ে আমরা
আক্রমণ করি কড়াইয়ের নারীকে—

তাদের স্তন বুকে
শাদা এবং সরল রোগে বাঁধি নবীন ঘর,
সহসা এলিডি আলো
টবে বোনা ব্রুনফেলসিয়ার মতো ঝরে
সাবেক ইতালি রোডে মনু মামার সন্ত্রাসী শাস্ত্রে।

তাওবার ছায়াতলে
ক্রসফায়ার বুকে— প্রাণও পুনর্মুদ্রণ ভুলে যায়,
বেহেশতের বাতাস এত দুর্গন্ধ জানা ছিল না—
ছি সরকার স্তনের বোটায় এত মৌমাছি কেন?



আন-সফট কবিতা 

এ মহামারি রাতে
যন্ত্রণা তাবুতে নিজের মুখ গুজি!
পিয়ানোর পাশে ফুলদানি
যে টেলিফোন চক্র, কথার অভাবে
মারা গেছে হয়তো ডিলানের রেডিও...

আনকোরা কৌশলে রবণ করি
প্রদীপ নেভানো সুদীর্ঘ যাপন
যেন বারিধারার আকাশ মেঘাপন্ন,
বিটিভির দপ্তর আর ওয়াইফাই কেবল
চতুর্দিকে মেলে দিয়েছে পরাজিত সুর।

গ্রীলের পাশ্ববর্তী মেয়েটা
সন্ধ্যাবেলায় মালতী ফোটায় টেক্সটবক্সে!
ধড়ফড় পরাণ-খানা বিনা অপরাধে
টিয়ারগ্যাসে ঝলসে ওঠে—তখন
উত্তরবঙ্গ উঠোন জুড়ে চি-কুতকুত খেলে। 


মন্তব্যসমূহ