রসায়ন মিস্ত্রি

 

গ্রাফিক্স কার্ড।


তোমার শৈশবে নিয়ে যেতে পারবে! ম্যানহোলের উপর খোলা বয়স্ক আসমানের নিচে কতগুলো পাখি উড়ে যাওয়ার স্মৃতি থেকে তপড়াচ্ছে। তখন নিকটে ঝাউ ঝনঝন বিকেল, ‘হেমন্তের ঝরাপাতার মত’ মা'য়ের কোলে অর্থাৎ মানুষের একলা যাপনের সমুদ্র অবয়ব হতাশার মত, কিংবা টিকোমা ফুল যে নক্ষত্রের আলোয় নাচে তাধিন, বিকেলগুলো আর ফিরে যাচ্ছে না দিনের শুক্লপক্ষে। কেবলই ওরা রমনার নিরবচ্ছিন্ন হারিয়ে পা মেলাতে মেলাতে ৮০৭ কোটি মুখের পৃথিবীতে অবস্থান খুঁজচ্ছে। বুর্জোয়া স্ব স্ব  কক্ষ ত্যাগ করে আহত বায়ুর রন্ধনশালায় নগ্ন দেবতার মত তুমি মুখ লুকাতে। উত্তরমুখী মেঘ সরল প্রজাপতির ডানা নিয়ে আনকোরা ড্রাইভ করতে করতে একদিন ষাটোর্ধ প্রশ্নের ভেতর যেমনটি মুখ লুকাই। রাস্তার ট্রাফিক, বিল্ডিং, নকশিকাঁথা দেয়াল, কতকিছু চোখে ভালো লাগে তোমার । তাহলে জয়নুলের বাঁধা আর্টের দৃশ্য থেকে তোমাকে চুরি করে এনেছিল অনাহারী কৃষক ?   


বস্তত সব নিরুদ্দেশ থেকে একটি বিলাসিতার জন্ম। এবং পাশে চিত্রবহ নদী দক্ষিণ দোয়ারি স্রোতে অনাদিকালের জন্য ভাঙছে জীবন। তারুখোলস দুপুরে সারস ঠোঁটে যে চুম্বনের দাঁগ ফুটে উঠেছে ব্রুনফেলসিয়া পাতার আভায়। স্মৃতি থেকে খসে যাচ্ছে আয়রনের কোলাহল। মাঘবতী শীতে যেমনটা গাছের শিশ্নোদর জুড়ে পরাজয়ের প্রতিশ্রুতি টগবগ। কোথাও পালাতে দীঘল অপেক্ষা  ফুরিয়ে ফেলো দেখি প্রায়শ। তরুণ অক্টোপাসের গন্ধ পিছু ছাড়ে না কোনোক্রমেই। ভোটানের বাড়ি, এমেরিকা গাড়ি, ফ্রান্স সানগ্লাস। মেট্রোরেলের পাশে ছাউনি থেকে দূরত্বে তবু দাঁড়িয়ে থাকা মানুষেরা বাইনারি লজিক শিখে নেয়। আর কক্ষচ্যুত মগজে রোজ নিদ্রার আগে নূহের নৌকা ভেঙে ফেলতে চায়।


ক্ষতির বিপক্ষে দুর্দান্ত মনোজগৎ নিয়ে সদ্য বয়ঃসন্ধি পার করে আসা বিকেলটির পাশে একটি সিম্বোলরেখা জেগে ওঠে। তার পাশে আশ্রয়হীন ধুলো নৃত্যের ঘোরে রূপালি করে তোলে অতীত। সেখানে বসে থাকতে তুমি। নিরব ঢাল সাখওয়াত হোসেন নামে চেনে দু-প্যাডেলের পরিচালকগণ। ছোট টব, ‘ফুল ফোটে ফুল ঝরে।’ নিবিড় পরিচর্যা করেছে মোহনবাগ থেকে আসা মালীটা। কেমন ভেঙে যায় স্থির রোমান্টিসিজম। হাসে কেউ। হাসা পাপ হলে কান্না মহাপাপ। এতদিন চিঠিতে পড়েছ তাই। কিন্তু ডাকঘর অভিশপ্ত। ব্যালেন্সে কিছুকাল খুব অল্প ২০১২ থেকে ২০২০ সময়টা রঙিন খাতায় বন্ধি করে রেখেছ। অভিজ্ঞতার কনিষ্ঠ কন্যার সহপাঠীকে একবার পরিচয় করিয়ে দিলে বৃষ্টির সঙ্গে। বৃষ্টিদিন, মলিন, ঘাতকলাইট, টুকরো টুকরো করে খোঁজ চলে দশমিক ভুলের হলফনামা। যেন অস্থিমজ্জা জুড়ে তোমার বেলিফুলগুলো আন্দোলন গমনে নিচু করে রাখে হিমোগ্লোবিন। সমস্ত ম্যাটেরিয়াল জমা দেয় দস্যুজাতক তোমারই গ্রহে।


সেখান থেকে বিকেলের পেট থেকে হয়তো জন্ম নিয়েছিলে। ঘোলাটে বর্ণ, আষাঢ়, মেঘ গুঞ্জন, ভাড়াটে ক্যানভাস, ভাঙা মাটিরচুলা, এসব অতি আধুনিক গালবাদ্য কর্ণপাত না করে গিয়েছিলে নবপাড়ায় অধ্যুষিত এক ঘরে। বড় হওয়ার ভয় নিয়ে পা'কে ছেটে ফেলত যে ইনবক্স আর ভোরবেলা বৈঠা বেয়ে পেরোত আগুনবুক। তাকে তুমি মনে মনে তাপস্য করতে। যেন মরে যাওয়া ইলেক্ট্রিসিটিহীন সেন্সরে খালি চেয়ারে বসে অনেকটা শূন্যপূর্ণ মস্তিষ্কে। অনেকটা আবহাওয়া দফতরের ভাঙা লেন্সের মত।


চারপথ ঘিরে মোড়। গাড়ি হর্ণ, টুংটাং চা, হাসি, বাসি পা-রুটির গন্ধ, মুচি, মাছ, ক্যালোরি, ক্যালসিয়াম, ডেন্টাল, গাইনী, মেডিসিন, হর্নি, সেক্স, এক্স, থ্রিপিস, টাউজার, ব্রা, জাঙ্গিয়া, শাদাকালা, রংবেরঙ, ওয়াইফাই, গ্রামীণ-বাংলালিংক। তুমি আসো একদিন দারু চা স্টোরে। স্ক্রিনে একটি পাখি ওড়ে। লকে আঙুল বোলাও। সাইবার আইন মামলা কেমন গা নাড়া দিয়ে ওঠে। বসন্ত ক্রাইসিস যে ভূমিতে অফলনীয়, অসভ্য ইতর নেচে বেড়ায়। সন্ত্রাস আবহাওয়া বয়ে যায় অলক্ষ্যে।


তারপর স্মৃতি খোল। রাঙারাত, শ্রাবণ ট্র্যাজেডি, রান্নাঘর মৃত, সংখ্যাহীন ক্যালেন্ডার। কেবলই জীবনের ডিঙি। পিপাসিত নদী। বাইতে জানলে তোমার এমন হাল হত? ঘটিত না জটিল রসায়ন মিস্ত্রির অকাল পরলোক।  সম্ভাষণ শিরোনামে লেকের ঢালগুলো বিশ্রী উন্মাদনা কাটাতো না। ল্যাম্পপোস্ট স্থাপন ব্রিজের ওপাশে সরোয়ার মোর্শেদ কসাই বাড়ি। তুমি মনে করো কিন্তু কী যেন হয়। এটা রোগ, ভোগ, প্ল্যাটনিক, তুচ্ছতম কিছু। তবু অজগর, টাইগার, তবু জোনাকি হত্যা ফাঁসির আসামির মত জঘন্য।  পুলসিরাত পার হওয়ার মত লম্বা সাপ পেঁচিয়ে রাখে । জঘন্যতা পুষতে চাওনি। একসময় ঘড়ির উদ্দেশ্যে তাকাতে। সময় বড় করপোরেট— তাড়া করে, ভাঙে গড়ে। এরমধ্যে দুর্দান্ত ফটোসেশান হয়। কাছে দূরে ট্যুর। পরিচিত অপরিচিত, বাস ট্রেন, তেলে পেট্রোলে, পা'য়ে চোখে, উত্তর পশ্চিম দিকবিদিক। এই অরণ্য গহীন মোলাকাত চেতন অবচেতনে ছোটে ব্যারিকেড বাধাহীন।


পক্ষে অপক্ষে বোধির থাকা সম্ভব হয়নি। পাখা পেলে বাতাসের আগে পাখি যেতে পারিনি! তোমার রোদের মধ্যে একলা যাপনের ব্যবহার খরচাপাতির মত শেষ হলো। ঠিকানা খুঁজে ইমেইল করে কেউ নিশি কোচিং-এ আর পাঠাইনি সফট "এন্টোনি ল্যাভয়শিয়ে" এর সূত্র। অভ্যাসের গাছ থেকে পেতে বসলে যাকে বলে মনের বিরুদ্ধে অভিযোগপত্রে সাক্ষ্য প্রদান। এসবের অন্তরালে মিতাহার দাশের উপস্থাপনায় অনেক প্রভাব দেখিয়ে তুমি সাজালে— অম্লজান, জলজান, নাইট্রোজেন, অঙ্গার হরিতীন, গন্ধক, প্রস্ফুরক, সিকতাপদ। অস্পষ্ট মোহনীয় সুর, কলতান, ঘণ্টা কিংবা আযান। কিছুই কর্তব্যরত আদর্শে ডুবে যেতে পারেনি একাকীত্বের অস্তিত্বে। অসহায়  চাহনিতে মাদকের গন্ধে মেশাতে থাকলে রক্তের গ্রুপ ( ও পজিটিভ )। সফল হতে শুটকি আড়তদারদের মত কিছুটা সময়ের কাছে অনুতপ্ত তুমি। তবু শেষ পর্যন্ত শপিংমল হয়ে গেল অন্তরক্রিয়া।


আলো ঝলমল বিতরণ করে বেড়ায় সাখওয়াত হোসেন ঢাল। শোকের মাংস ডেসকিতে রান্না করে খাওয়া পর্বের লিংকে ঢুকে যায় মগজ। ‘পাহাড় দেখেছি, সমুদ্র দেখেছি, তেপান্তর দেখেছি, কিন্তু এই অদ্ভুত নির্জনতা আগে কোথাও দেখিনি। এক অন্তহীন শূন্যতা। অথচ চৌকাঠ ডিঙ্গলেই হট্টগোলের শহর। শুধুই হট্টগোল।’ মৃণাল সেনের “অন্তরীণ” দেখতে বসে তুমি ক্লান্ত হয়ে যেত। পাপোশহীন মেঝেতে তিব্বতের ছবি উজ্জ্বল দৃষ্টান্ত ফ্যালে। একপ্রকার দ্বিধাগ্রস্ত ও হতাশার পুকুরে জাল ফেলে রাখতে। এত নিঃসঙ্গতা নিস্তব্ধতা তুমি অবনত হতে তাদের সঙ্গমে। কব্জি জুড়ে ঘ্রাণ পেতে বড়ই দানা। তখন কী উদ্দেশ্য খেলতো বোঝোনি? রক্তের কাসিমজান কেউ একজন। নামহীন, অজ্ঞাতনামা, কলিংবেল বাজিয়ে লুকিয়ে যেত তোমারই ভেতর। আর তরুখোলস সে দুপুর বয়স্ক হয়ে উঠলে ইতস্তত ক্ষুদাভাব  আকাশে প্রসারিত হত তোমার।


কোথাও থেকে ফোন এলো। ভেতর ঘরে কথারা কুটিকুটি হয়ে সার্জিক্যাল মগ্নদেহে বাঁচার কাঠামো ভবনে নবম গ্রেডের বিপ্লবীর মত চিল্লায়৷ ফাঁকে ফাঁকে তোমার ইব্রাহিম পল্লীতে একটি অণ্ডকোষহীন ন্যাড়া গাছের কথা মনে পরে। পাতার কথা। ঠিক তুমি। একরোখা, ছায়া, আবার উত্তাল। এসব প্রতিরোধের রহস্য ভুলে যাও। বাতজ্বর হৃদরোগ, কলেরা, ডেঙ্গু, আর করোনার প্রকাণ্ড জুড়ে উৎসর্গ করেছ মরে যাওয়ার প্রতিটি বিন্দু। সংখ্যায় গণনা করলে ১৭,১৫৫ দিন প্রার্থনা করতে গোপন প্যাগোডাতে।  হ্যান্ডরাইটিংয়ে যেসকল ভাগ্যব্যানার গড়া তা সত্য হলে তুমি মরে গেছ ২৬২,৮০০ মিনিট আগে এক ক্ষ্যাপা কুকুরের কামুড়ে। এখন ফুসলে ওঠে তোমার বেঁচে থাকা। বেঁচে থাকার প্রয়োজনেই তোমার এতবার মৃত্যু। না-কি মরে যাওয়া বলেই ফিরে আসা? এসব দায়বদ্ধতা ঘেরা সংখ্যার খাতাতে গুণতে থাকো মরা ও বাঁচার পাহাড়সমূহ। যোগ, বিয়োগ, গুণ, ভাগ, সরল, বাইনারি, ফলাফল কীভাবে মৃত্যু হয় ভেবে পাও না। মৃত্যুর ভেতর তুমি বেঁচে ওঠো। বেঁচে থাকার ভেতর মরে যাও। সমীকরণ শেষ হয় না। যেমন শেষ হয়নি ফয়েজের কবিতা।

 

মন্তব্যসমূহ