অথবা থিও আর আমি

 

গ্রাফিক্স কার্ড।


এই রাত্রির শোক কীভাবে মুছে দেবে বলো? যারা বুকে আলোর তকমা নিয়ে পৃথিবীর পথে পথে রোপণ করে মোটিভেশান গাছ। দেখো থিও দেখো— প্রেশারকুকারে পুড়ে যাচ্ছে আমার তরুণ মাংস। তুমি মানুষের কথা বলো? ধুলিতে কী পড়ে থাকে না মানুষের ছাপ? আমার ছাই হওয়া কপাল কোথাও পায়নি ঠাঁই! সমুদ্র পাড়ে ঘর বাঁধাই একজীবন পানি হয়ে গেলো। গড়িয়ে পড়ি— আমার শত সহস্র অন্ধকারের অন্ধ দেশে। আমি  বেথেলহামে গিয়েছিলাম— আমার যে ভাই যিশু! শিশুদের বুকে করে ঘুমিয়ে আছে ক্রুশবিদ্ধ। থিও আমার গহনা চুরি হয়ে গ্যাছে! গহনা বলতে মন। সমুদ্র কী চোর? ধু-ধু ছাড়া দেখিনাতো কিছু'ই। এতো কলরব তবু এতো শূন্যতা কীভাবে পেলো সমুদ্র? আমি কী বরফ হয়ে যাই থিও? টেলিফোনে কথা বলতে গেলে মরা বাঘের সুর ভাসিয়ে দেই হাওয়ায়। হাওয়া হতে কী কী লাগে? থিও আমার মাথার ভেতর যুদ্ধ। সৈনিক সৈনিক খেলায় যে রাজা পরাজিত হলো— আমি তার রূপ পেয়েছি। তবে কী আমার পরাজয় সন্নিকটে? বালুচরে সাদা-কালো গানের দুপুরে একদিন শুনেছি আমার হাতের গল্প, আমার পা'য়ের গল্প। হাত-পা বলতে আমি-ই থিও। দেখো আমার আঙুল ইলিশের গন্ধ ছাড়া কতদিন উৎযাপন করছে বেঁচে থাকার কৌশল। কারওয়ান বাজারের পথ দিয়ে যখন হাটি একদল কাক মাংসের মিছিল করে। থিও আমি গান গাইতে যাবো হাতিরপুল সেশানে— ওরা আমাকে নিউজফিডে দেয় না উঠতে। পথ পেরোনো ছাড়া মানুষ আর কী কঠিন কাজ পারে? শোনো পথ আর জীবন সমপরিমাণ সমকামী। শিমুল ফুলের দিনে আমি গাছ হয়ে যাবো ভাবি। প্রকাণ্ড জুড়ে ঘর বানিয়ে বাসাভাড়া দেব পাখিদের। থিও আমার স্বপ্ন চুরি হয়। স্বপ্ন বলতে জীবন। আমি খুব দ্রুত মারা যাবো। রথ বদল করছে জনগণ! গ্রামীণ ইউজার, বাংলালিংক ইউজার, কত গ্রাহক। থিও আমাকে কেউ নেয় না। সংখ্যাহীন জীপ কোড হয়ে আমি আমাকে পার করতে পারছি না। একটা ১ হলেও আমাকে দেওয়া হোক। এই-যে শূন্যতা— আমি পিএইচডি করে ফেলেছি তার সাবজেক্টে। থিও আমার হাত কাঁপে, পা কাঁপে। গ্রামের বাড়িতে আমার মা ভাঁপা পিঠা বিক্রি করে।  থিও ভ্যানগগের শূন্যতা আমাকে কে দিয়ে গেলো? পথে পথে লকলক করছে শূন্যতার পাতা ও ফুল। পৃথিবীতে ১ কিংবা ১ কোটি মূল্য কার জানো? শূন্যতার....।  আমি ক্রমশ উপায়ের লেনে জলাবদ্ধ নিরসনে ব্যবস্থা বন্ধ করছি। থিও বুকের হাড় সরিয়ে কল্পনাকে বিক্রি করব চৌদ্দগ্রামের বাজারে। ইছামতি আমার মায়ের বোন। রাতদুপুরে ঘুমের দরজা কে মারে টোকা? আমার বিভ্রম হয় থিও। চোখে ধরা পড়ে দেবদারু'কে বিবাহের জ্বালানি জীবন মাথা পেতে নেবার ইস্তেহার। সব নাই হয়ে যায়। খুচরা যন্ত্রাংশ দিয়ে কী সম্পর্ক অর্থবহ করা যায়? থিও একবার পাহাড় একবার আমি। আমাদের মধ্যে বিভাজন করে দেখো স্থির আর স্থির। সকল না ভাঙা সীমান্তে রাইফেলের স্বাদ পাখিরাও বোঝে। আমি দেখি অবহেলার পদতলে চাপা পড়ে যাওয়া মুণ্ডুটা মেহগনি ফল হয়ে ঝরে পড়ে। থিও আমার ভয় হয়। বেরোতে পারিনা ঘর থেকে পৃথিবীতে। কোথাও যাপনের উদ্দেশ্যে আমার পা কেন শুকনো কাঠ হয়ে যায়? থিও ভিনসেণ্টের কান কীভাবে কতল হলো? কানেরও বিরহ থাকে—। যখন দেখো আমাকে হাসি খুশি ভেবো— আমার প্রতিটা অঙ্গপ্রত্যঙ্গ বিরহে বিপন্ন আছে মৌনতার রঙে। আমারও গমক্ষেতে যেতে ইচ্ছে হয়। আমি বুকে না, ঠিক চোখ বরাবর গুলি করে অন্ধ হয়ে যাবো। অন্ধ হলে মানুষ মূলত দেখতে পারে। থিও আমার আত্মহত্যার খবর কোথাও ছাপা হবে? ছাপা না হোক, তবু একটা পাখি 'কে জানিও মনে বসন্তের অভাবে আমার এ বিসর্জন। অর্জন দিয়ে মানুষ কী করে? যে গাছ তুষার ধ্বসে মরে যায়— তার পাখিরা কোথায় ঘুমোয়? থিও একটা কলঙ্ক পালিশ করে নিজের নামে রাখা দরকার। সুনাম সফলতা নয় জেনে রেখো। যার দুঃখ আছে সে ফুল। থিও ফুল ঝরে গেলে করব কোথায় হয়? পাঁপড়িতে কী লেগে থাকে বসন্তের অপমান? বাড়ি গেলে গ্যান্দাফুল আমার বন্ধু। আর একটা ঘর একটা মুখ। আমি ভুলে যাই থিও, আমার জন্মের আগে আমার মায়ের ডাকনাম কী ছিলো? সবুজ বাড়ি থিও সবুজ বাড়ি। কলাভর্তা দিয়ে তাগড়া ভাত খেতে খেতে আমরা যে সকাল গিলে খাই— তবে কেন আলোকিত নই? থিও আমি রাত'কে আলো আর দিন'কে অন্ধকার ভাবি। দেখো আমার পাজরে দাস বাজারের চাবুকের দাগ। ন্যানো-সেকেন্ডে বলে দিতে পারি আমি আধুনিক ইউসুফ— জ্যোতি জুলেখা হবে? থিও গমক্ষেতে গরু ঢুকে পড়ে। পথ কী পা'য়ের বিছানা? গরুর মাংসে বঙ্গ ভেসে যায়। মানুষের মাংস সুস্বাদু নয়? মানুষ থিও মানুষ! হতে পারলাম কই? একটা বিরহের নদীতে আমার লাশ ভেসে উঠবে একদিন। ক্রুশে আমার ভাই আর আমি নদীতে। পৃথিবীতে আমি ফিরে আসবো আমার মৃত্যুর দিন'ই। গমক্ষেত আমাকে ডাকে থিও গমক্ষেত। আমার চোখের আলো ফুরিয়ে আসে— কবর কী আরও অন্ধকার? থিও আমার জ্যোতি দরকার। আমার চোখ ওর পৃথিবী। জ্যোতি ফিরে এসো—ফিরে এসো জ্যোতি। মানুষের অপেক্ষার পাশে আমি গাছ হয়ে যাই থিও। ওরা বাড়ি ফেরে অথচ মনে ফেরে না। থিও গমক্ষেত আমাকে ডাকে— আমি চলে যাই জ্যোতির সন্ধানে।

মন্তব্যসমূহ