এক
দুইটা পাখি
ডানা ঝাপটায় সারা দুপুর–
সন্ধ্যার সন্ধানে।
দুই
পাহাড়ের ঢিবি গুলো
লালন করি,
তুমি দেখলে না এই বিষাদে ভরা দিন
মোরগের লাল ঝুঁটির মতো—
তরতর করে নেচে বেড়ায় শূন্যতার উঠোনে।
তিন
ক্ষতর পাশে আরও ক্ষত
বেলিফুলের মতো সুগন্ধ ছড়ায়—
এ ভাঙা জীবন!
ফেরিওয়ালার কাছে ফ্রি-তে দিতে চাইছি,
তুমি নিলে না!
চার
আমাকে কবরস্থ করতে এসে
বিষণ্ণ অবয়বে থেকো না
কেউ অত্যন্ত হাসি মুখে বিদায় দিও!
পাঁচ
দূরে দাঁড়িয়ে গাছগুলো
আমার হৃদপিণ্ডের মতো টগবগ নাচে,
পৃথিবী জুড়ে নিঃসঙ্গ
জীবনলাইন গাছদলও পেয়েছে?
ছয়
ঢাকার আবহাওয়া অফিস খোলা
সর্বদা ঝড়-বৃষ্টির খবর বলে দিচ্ছে
আমার একটা হৃদয়ে একটা অফিস,
সেখানে তোমার খবর ছাড়া কিছু নাই।
সাত
তোমাদের বিষাদে ভরা মুখগুলো
আমাকে কবরে শুইয়ে দিল,
এখন আমি হাসির অভাবে শাস্তি পাচ্ছি।
আট
তোমার কণ্ঠ শুনবো বলে ফোন করি
ওরা বলে ব্যালেন্স নাই–
এই কথাটি তুমি বললেও মেনে নেওয়া যেত।
নয়
জানলার পর্দা সরিয়ে,
দাঁড়িয়ে ওপারের সবকিছু দেখি–
পাতারা নাচে,
হলুদ পাখি সুন্দর দৃশ্যের রিহার্সেল করে।
আমি ওদের দেখি
একটা গাছ একা দাঁড়িয়ে
মায়ের মতো সহ্য করে।
দশ
শিশুদেবদারুগাছ হাওয়ার সিজনে,
পাখি হওয়ার স্বপ্ন দেখে।
এগারো
দেশের অবস্থা দেখে–
তোমার কথা মনে হয়।
তুমি আমাকে এমন বানিয়ে দিলে?
বারো
এই একাকীত্বে
তুমি একটা বিস্তীর্ণ পথ—
তেরো
ঢাকার রাস্তাগুলো জ্যাম থাকলেও ভালো লাগে
একা একা ঢাকা আব্বার হাত,
চৌদ্দ
মিথ্যের জন্য আমি অনেকবার কেঁদেছি
সত্যের জন্য একবারও না–
পনেরো
সত্য আর মিথ্যা পরস্পর, নিজেকে ছাড়া কাউকে বিশ্বাস করি না।
ষোল
সন্ধ্যায় ঢাকার শহর ঝলমল করে,
মানুষ গুলো যদি এমন হতো–
সতেরো
বাইরে দাঁড় করিয়ে
তোমরা মিঠা আলাপ সারো,
সত্য জানি না
আবার মিথ্যাও
আমার চোখকে কোন বিবিধ শেখাবো?
আঠারো
টগরফুলের বাগানে বেড়াতে এসে
একটা প্রজাপতির সঙ্গে পরিচয় হলো,
ভাব জমিয়ে ওর ডানা আমি ছিঁড়ে নিলাম
কিন্তু দেখো আমি উড়তে পারছি না।
উনিশ
আবহাওয়া অফিস অবগত করে বাহিরে তীব্র শীত
তবু আমি বাহিরে বের হই
খালি গায়ে, খালি পায়ে,
আমার সর্বাঙ্গ তুষারপাতে দাঁড়িয়ে থাকা গাছ হয়ে গ্যাছে।
বিশ
আমাকে কেউ কোনোদিন জিজ্ঞেস করেনি,
কেমন আছো?
একুশ
হলুদসোনালুফুল
আমাদের উঠোনে পড়ে থাকতো।
ভোরবেলা মনে হতো
উঠোন মায়ের ফুলতোলা শাড়ি।
বাইশ
প্রতিদিন রাতে চাঁদ দেখতে গিয়ে আমি,
তোমাকে দেখে আসি–
প্রতিদিন বাঁচতে গিয়ে যেমন
মরণকে ভালোবাসি।
তেইশ
মোহনায় ডুব দিলাম একবার
ভয়াল থাবা দিলো কয়েকটি মাছ,
এক দাঁড়িয়ে থাকতে থাকতে
এ জীবন হয়ে উঠেছে মানুষগাছ।
চব্বিশ
তুমি দেখলে কিছু বললে না
এমন নিশ্চুপভাবে
আমিও পাথর হয়ে উঠি,
কেননা পাখি হলে
তোমার দুঃখ বুুুঝত কে?
পঁচিশ
পাখি হতে চাইলাম
তুমি বললে তুমি নিজে'ই খাঁচা–
পাথর হয়ে সমুদ্র নির্মাণ করি।
ছাব্বিশ
একবার তুলাফুলের দিনে
ধুলোমাখা পাখিদের মেলায় বেড়াতে গেলাম।
তখন বসন্তকাল,
কোনো রিচ ছাড়া
রিস্কে তবু গাছ হয়ে পাখিদের বসতে দিলাম।
সাতাশ
নিজের সঙ্গে একবার পরিচয় হলো
বললাম তুমি কে?
ও বলে আমি নিঃসঙ্গ জুবায়ের দুখু।
আটাশ
একটা বিহঙ্গের আগমনে
মাঠ নেচে ওঠে
তখন কালাডাটা শাক
আখার উপর মাঠকে ভাবে।
উনত্রিশ
তোমাকে পাওয়া হয়ে গেলো
পুবের দেবদারুগাছ নিঃসঙ্গতা লুকাত কোথায়?
ত্রিশ
বৃষ্টি নামতে চাইলে
আমি মানা করতে পারি না!
বৃষ্টির পা দৃষ্টির মতো
আমার নিঃসঙ্গতা বোঝে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন